স্টাফ পিরোর্টার
, যশোর
আত্মগোপনে থাকা সাবেক শাসক দলের আরও কয়েক নেতার যশোর শহরের বাড়িতে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।
রোববার (২২ নভেম্বর) দিবাগত রাত সোয়া ১২টা থেকে ১২টা ২০ মিনিটের মধ্যে এসব হামলার ঘটনা ঘটে। এতে অবশ্য কেউ হতাহত হয়নি।
সোমবার (২৩ নভেম্বর) শহরের পুরাতন কসবা এলাকার ঘোষপাড়ায় দেখা যায়, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি শাহীন চাকলাদারের ভাই আব্দুস সাত্তার চাকলাদারের বাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়েছে। এতে বাড়ির সিঁড়িঘরের একটি কাচ ভেঙে যায়।
বাড়ির সামনে থাকা মধ্যবয়সী এক নারী জানান, রাত ১২টার পর তিনি চার-পাঁচটি বিস্ফোরণের শব্দ শুনেছেন।
এই এলাকার পাশে কাজীপাড়া কাঁঠালতলায় সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তৌহিদ চাকলাদার ফন্টুর বাড়িতেও ওই সময় ককটেল নিক্ষেপ করা হয়েছে বলে শুনেছেন তিনি।
তবে সেখানে ককটেল বিস্ফোরণের কোনো আলামত দেখা যায়নি।
এদিকে, পুরাতন কসবায় ঢাকা রোডসংলগ্ন ঘোষপাড়ায় জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুলের বাড়ি লক্ষ্য করে পাঁচটি ককটেল নিক্ষেপ করা হয় বলে দাবি করেছেন তার স্বজনেরা।
তবে সেগুলো বাড়িতে না পড়ে পাশের বাড়ির দেওয়ালে লাগে।
আনোয়ার হোসেন বিপুলের ভাই অ্যাডভোকেট কামাল হোসেন পলাশ জানান, রাত সোয়া ১২টার দিকে মুখে সাদা মাস্ক পরা এক যুবক পরপর পাঁচটি ককটেল নিক্ষেপ করেন।
বিকট শব্দে সেগুলো বিস্ফোরিত হয়। পরে বাড়িতে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজে ককটেল নিক্ষেপের দৃশ্য দেখতে পান তারা।
রোববার রাত থেকেই আত্মগোপনে থাকা কয়েকজন আওয়ামী লীগ নেতা তাদের ফেসবুক পেজে শহরের বিভিন্ন বাড়িতে ককটেল নিক্ষেপের খবর প্রচার করেন।
এসব পোস্টে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার, যশোর সদর আসনের সাবেক সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ এবং পৌরসভার সাবেক কাউন্সিলর জাহিদ হোসেন মিলনের বাড়িতে ককটেল নিক্ষেপের কথা বলা হয়।
তবে এসব ঘটনা নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে শহরের পোস্ট অফিসপাড়ায় মাসুম আহমেদ শ্যামলের বাড়ি ও একটি রেস্টুরেন্ট লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে।
কোতোয়ালি থানার ওসি কবির হোসেন বলেন, যশোর শহরের কয়েকটি বাড়িতে ককটেল নিক্ষেপের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলগুলোতে যায়। পোস্ট অফিসপাড়ায় মাসুম আহমেদ শ্যামলের বাড়িতে ককটেল বিস্ফোরণের আলামত পাওয়া গেছে। অন্য ঘটনাগুলোর বিষয়ে তাদের কাছে আর কোনো তথ্য নেই।