স্টাফ রিপোর্টার
, যশোর
নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে যশোরে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের ২৬ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
গত রোববার (২২ নভেম্বর) জেলার নয়টি থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে তাদের আটক করা হয়। পুলিশের মিডিয়া সেল সূত্রে এ তথ্য জানা গেছে।
আটক ব্যক্তিদের মধ্যে যশোর কোতোয়ালি থানায় ছয়জন রয়েছেন। তাদের মধ্যে একজন এজাহারভুক্ত আসামি। বাকি পাঁচজনের নাম বিভিন্ন মামলার তদন্তে সম্পৃক্ততার অভিযোগে উঠে এসেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
এজাহারভুক্ত আসামি কামাল হোসেন পর্বত যশোর শহরের পুরাতন কসবা আমতলা এলাকার মৃত জমিরুল ইসলামের ছেলে। তিনি জেলা যুবলীগের শহর কমিটির সাবেক সভাপতি। অন্য পাঁচজন হলেন ফেরদৌস হোসেন, মুরাদ হোসেন মিলন, একলাস, আলম খন্দকার ও আনসার হোসেন।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) বদরুজ্জামান মোল্লা জানান, পুরাতন কসবা শহীদ মিনার এলাকায় সরকারবিরোধী বিক্ষোভ মিছিল করার অভিযোগে কোতোয়ালি থানায় একটি মামলা হয়। ওই মামলার এজাহারভুক্ত আসামি কামাল হোসেন পর্বত। তাকে ওই মামলায় আদালতে পাঠানো হবে। অন্য পাঁচজনকেও বিভিন্ন মামলায় আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।