মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে মানব পাচার, মাদক চোরাচালান ও অবৈধভাবে সীমান্ত পারাপারে সহযোগিতার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও পাসপোর্ট আইনে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
৫৮ বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২২ নভেম্বর বিকেল সাড়ে ৫টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীন পলিয়ানপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৬০/২৬-আর থেকে প্রায় তিন কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে একটি পাকা সড়কে বিশেষ অভিযান চালানো হয়।
নায়েব সুবেদার সৈয়দ মফিজুর রহমানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে মো. জহুরুল হক (৩৮) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। বিজিবির দাবি, তিনি মানব পাচার ও অবৈধভাবে সীমান্ত পারাপারে সহযোগিতা করতেন। জহুরুল মহেশপুর উপজেলার ছয়ঘরিয়া গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে। তার বিরুদ্ধে পাসপোর্ট আইনে তিনটি মামলা রয়েছে।
অন্যদিকে, একই দিন সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে লেবতলার বটতলা সড়কে হাবিলদার মো. সাইফুল ইসলামের নেতৃত্বে আরেকটি বিশেষ অভিযান চালানো হয়।
এ সময় মো. আকবর আলী মণ্ডল (৪০) নামের আরেক ব্যক্তিকে আটক করা হয়। বিজিবির ভাষ্য, তিনি চিহ্নিত মাদক কারবারি এবং অবৈধভাবে সীমান্ত পারাপারে সহযোগিতার সঙ্গে জড়িত। আকবর মহেশপুর উপজেলার মাঠিলা মাঠপাড়া গ্রামের মৃত তাহির উদ্দিন মণ্ডলের ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটটি এবং পাসপোর্ট আইনে একটি মামলা রয়েছে।
মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, মানব পাচার ও মাদক চোরাচালান রোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।