চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনীপুর সীমান্তে একজন ভারতীয় নাগরিকসহ চারজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার দিবাগত রাত দেড়টার দিকে ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা তাদের আটক করেন। বিজিবির দাবি, তারা অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন।
ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান জানান, জীবননগর উপজেলার বেনীপুর সীমান্তের ৬১/৬ নম্বর পিলার থেকে প্রায় ৬০০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে তাদের আটক করা হয়। তারা সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন।
আটক চারজনের মধ্যে একজন ভারতীয় নাগরিক এবং তিনজন বাংলাদেশি। বাংলাদেশিদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী রয়েছেন। তবে আটক নারী সদস্যের পরিচয় প্রকাশ করেনি বিজিবি।
আটক ভারতীয় নাগরিক রাহুল মীর (২১)। তিনি ভারতের উত্তর ২৪ পরগনা জেলার এয়ারপোর্ট থানার বাকুড়া গ্রামের শরিফুল মীরের ছেলে।
আটক বাংলাদেশিরা হলেন নড়াইল সদর উপজেলার দেবীপুর গ্রামের কালিপদ সরকারের ছেলে সুপাল সরকার (৩৫) এবং ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নগরচাপরাইল গ্রামের গৌরপদ বিশ্বাসের ছেলে সুজন বিশ্বাস (৩৪)।
আটক ব্যক্তিদের জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে।