ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জ-ডাকবাংলা সড়কে গাছ ফেলে প্রসূতি বহনকারী একটি অ্যাম্বুলেন্সে ডাকাতির ঘটনা ঘটেছে।
রোববার ভোরে কালীগঞ্জের বাগমারা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ডাকাতেরা পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ এক লাখ টাকা ও স্বর্ণালংকার লুট করে নেয়।
ডাকাতির আতঙ্কের মধ্যে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব করেন সাত মাসের অন্তঃসত্ত্বা এক নারী। তবে নবজাতককে বাঁচানো যায়নি।
এ ঘটনায় সোমবার দুপুরে প্রসূতির স্বামী চিকিৎসক আব্দুল্লাহ আল নোমান কালীগঞ্জ থানায় মামলা করেছেন। পুলিশ এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।
প্রসূতি আফসারা তাসনীম (৩০) চুয়াডাঙ্গা শহরের পোস্ট অফিসপাড়ার বাসিন্দা। তার স্বামী আব্দুল্লাহ আল নোমান চুয়াডাঙ্গা ডায়াবেটিস হাসপাতালের মেডিকেল অফিসার ও প্রশাসনিক কর্মকর্তা।
শনিবার রাতে অসুস্থ হয়ে পড়লে উন্নত চিকিৎসার জন্য তাসনীমকে চুয়াডাঙ্গা থেকে যশোরে নেওয়া হচ্ছিল। অ্যাম্বুলেন্সে তার স্বামী, শাশুড়ি, মা, বড় ছেলে ও একজন নার্স ছিলেন।
চিকিৎসক আব্দুল্লাহ আল নোমান সোমবার দুপুরে ঘটনাস্থলে সাংবাদিকদের জানান, কালীগঞ্জ উপজেলার বাগমারা বাজার পেরিয়ে প্রায় ৩০০ গজ এগোতেই তারা সড়কে গাছ ফেলে রাস্তায় ব্যারিকেড দেওয়া দেখতে পান।
অ্যাম্বুলেন্সের গতি কমালে কয়েকজন অস্ত্রধারী তাদের ঘিরে ধরে। এ সময় ডাকাতরা পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখিয়ে তাদের কাছ থেকে নগদ টাকা, স্বর্ণালংকার ও ব্যাংকের এটিএম কার্ড ছিনিয়ে নেয়।
নোমানের ভাষ্য, ডাকাতদের আচরণে তার স্ত্রী আতঙ্কিত হয়ে পড়েন। একপর্যায়ে অ্যাম্বুলেন্সের মধ্যেই সন্তান প্রসব করেন তিনি। তবে নবজাতককে বাঁচানো সম্ভব হয়নি। এ সময় অ্যাম্বুলেন্সে থাকা নার্সকেও মারধর করা হয়।
তিনি আরও জানান, বাগমারা বাজারের অপর পাশে পুলিশের একটি টহল গাড়ি দেখে তারা নিরাপদ মনে করে ওই সড়ক দিয়ে যাত্রা করেছিলেন। কিন্তু পথে ডাকাতির শিকার হবেন, তা তারা ধারণা করতে পারেননি।
সড়কের আমতলা বাজার এলাকার মারকাযুল উলুমিল ইসলামিয়া মাদরাসার পরিচালক তিতুমীর জানান, তিনি রাতে মাদরাসায় অবস্থান করেন। রোববার ভোরে ডাকাতির ঘটনা জানতে পারেন। ডাকাতির শিকার এক অ্যাম্বুলেন্সচালক গাড়ির চাবি খুঁজতে তাদের সহযোগিতা চান। তার কাছ থেকে তিনি জানতে পারেন, ওই রাতে ৩০ থেকে ৩৫ জনের একটি ডাকাত দল সড়কে গাছ ফেলে অন্তত ১৫ থেকে ২০টি যানবাহনে ডাকাতি করেছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুলফিকার আলী জানান, চিকিৎসক নোমানের দায়ের করা এজাহার গ্রহণ করে দস্যুতার মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে।
এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দ্রুত ডাকাত দলের অন্য সদস্যদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। এ সড়কে নিরাপত্তা জোরদারে পুলিশের টহল বাড়ানো হয়েছে।