মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধার বাড়ির চলাচলের পথ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে।
এ নিয়ে প্রতিবাদ করায় বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধার পরিবারের তিন সদস্যকে আহত করারও অভিযোগ পাওয়া গেছে। আহতদের মধ্যে এক নারীর ডান হাত ভেঙে গেছে বলে দাবি পরিবারের। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন ভুক্তভোগীরা।
ভুক্তভোগীরা হলেন বৃদ্ধা ডালিমন নেছা, তার মেয়ে নিহারন নেছা ও ছেলে নাহারুল ইসলাম। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রতিবেশীদের একটি পক্ষ তাদের ওপর নির্যাতন চালানোর পাশাপাশি প্রাণনাশের হুমকি দিয়ে আসছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ডালিমন নেছার স্বামী মৃত ইয়াদ আলীর নামে মোট সাড়ে ১৬ শতক জমি ছিল। মেয়ের বিয়ের খরচ জোগাতে ওই জমির কিছু অংশ প্রতিবেশী আরজেল, বাবুল হোসেন ও আবুল হোসেনের কাছে বিক্রি করেন তিনি। তবে সাড়ে পাঁচ শতক জমি কেনার পর থেকেই ক্রেতারা বাড়িতে যাতায়াতের পথ বন্ধ করে দিয়েছেন বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের। এতে বাড়ি থেকে বের হওয়ার স্বাভাবিক পথ হারিয়েছেন বৃদ্ধা ও তার পরিবারের সদস্যরা।
সরেজমিনে দেখা যায়, বাড়ি থেকে বের হওয়ার পথ বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন বৃদ্ধা ডালিমন নেছা ও তার পরিবারের সদস্যরা। বাড়িতে যাতায়াত করতে তাদের ঘুরপথ ব্যবহার করতে হচ্ছে।
বৃদ্ধা ডালিমন নেছা ও তার ছেলে নাহারুল ইসলামের অভিযোগ, চলাচলের পথ বন্ধ করার প্রতিবাদ জানালে প্রতিপক্ষের লোকজন তাদের ওপর চড়াও হন। একপর্যায়ে বাঁশ দিয়ে পিটিয়ে পরিবারের তিন সদস্যকে আহত করা হয়। এতে নিহারন নেছার ডান হাত ভেঙে যায় বলে তারা দাবি করেন।
ভুক্তভোগী পরিবারের দাবি, এ বিরোধের সূত্রপাত গত বছর। সে সময়ও তাদের বাড়ির চলাচলের পথ বন্ধ করে দেওয়া ও নির্যাতনের অভিযোগ ওঠে। পরে গাংনী থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশের একজন উপপরিদর্শক (এসআই) ঘটনাস্থল পরিদর্শন করেন। পথ খুলে দেওয়ার নির্দেশনা দেওয়া হলেও অভিযুক্তরা পুলিশের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন বলে অভিযোগ রয়েছে। পরে কাজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলম হোসেনের মধ্যস্থতায় পথটি চলাচলের জন্য উন্মুক্ত করা হয়।
তবে বছর না ঘুরতেই আবারও একই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। তাদের দাবি, নানাভাবে ভয়ভীতি দেখিয়ে বাড়িছাড়া করার চেষ্টা করা হচ্ছে।
প্রতিবেশীরা জানায়, বৃদ্ধার পরিবারের বাড়ির প্রবেশপথ অবৈধভাবে দখল করে নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে তাদের ওপর নির্যাতন ও হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা একাধিকবার সালিশ বৈঠকের উদ্যোগ নিলেও অভিযুক্তরা সেখানে উপস্থিত হননি বলে দাবি তাদের।
এলাকাবাসীর অভিযোগ, অতীতেও স্থানীয় রাজনৈতিক প্রভাব খাটিয়ে পরিবারটির ওপর নির্যাতন চালানো হয়েছে। বর্তমানে সেই প্রভাব বিস্তার করে পরিবারটিকে কোণঠাসা করে রাখার চেষ্টা চলছে বলেও অভিযোগ তাদের।
বৃদ্ধা ডালিমন নেছা ও তার পরিবারের সদস্যরা অবিলম্বে বাড়ির চলাচলের পথ উন্মুক্ত করা, হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া এবং নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্তদের বাড়িতে গেলে তাদের কাউকে পাওয়া যায়নি। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মুর্শেদ বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।