অভয়নগর (যশোর) প্রতিনিধি
যশোরের অভয়নগরে নাশকতার মামলায় সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৩ নভেম্বর) মধ্যরাত থেকে আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার চলিশিয়া ইউনিয়নের কোটা গ্রামের মৃত হরমুজ আলী তরফদারের ছেলে জাকির হোসেন তরফদার ওরফে জাকির মেম্বার (৫২), বুইকারা গ্রামের শওকত গাজীর ছেলে সাফায়েত হোসেন রাজ (২৬) এবং একতারপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে নাজমুল হক সুমন (২৪)।
পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া জাকির মেম্বার চলিশিয়া ইউনিয়ন পরিষদের চার নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য এবং ইউনিয়ন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক। এ ছাড়া সাফায়েত হোসেন রাজ ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী ও নাজমুল হক সুমন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ওয়ার্ড ওয়ার্ড সদস্য।
অভয়নগর থানার ওসি জিয়াউর রহমান বলেন, ‘সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে সাবেক ইউপি সদস্যসহ তিনজনকে নাশকতার মামলায় গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।’