খুলনা অফিস
দুর্বৃত্তদের গুলিতে আব্দুল হালিম (৫০) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা নিহত হয়েছেন।
মঙ্গলবার রাত সোয়া আটটার দিকে নগরীর দৌলতপুরের কল্পতরু মার্কেট এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। তিনি নগরীর চার নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও দেয়ানা উত্তরপাড়ার হোসেন শাহ রোডের মৃত মোহাম্মদ শেখের ছেলে।
নগরীর দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. মোরাদুল ইসলাম এই হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রাত সোয়া আটটার দিকে আব্দুল হালিম দৌলতপুরের কল্পতরু মার্কেটর কাছে একটি চায়ের দোকানে অজ্ঞাত দুই ব্যক্তির সঙ্গে চা খান। পরে মোটরসাইকেলে মুচিপাড়া হয়ে দেয়ানার উত্তরপাড়ায় বাড়ির উদ্দেশে রওনা দেন। পথে আজিজুরের দোকানের সামনে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে পর পর ছয় রাউন্ড গুলি করে পালিয়ে যায়। এরমধ্যে তিনটি গুলি তার বুকে ও একটি মাথায় বিদ্ধ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সূত্র জানায়, আব্দুল হালিম চলতি বছরের প্রথম দিকে কক্সবাজারে দুর্বৃত্তদের গুলিতে নিহত নগরীর চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী টিপুর সহযোগী ছিলেন। টিপুর সঙ্গে স্থানীয় এক চরমপন্থি দলের শীর্ষ নেতার পূর্বশত্রুতা। এর জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে।
নগরীর দৌলতপুর থানার ওসি মোরাদুল ইসলাম বলেন, আব্দুল হালিমের বুকে তিনটি ও মাথায় একটি গুলি লেগেছে। খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে।
তিনি জানান, আব্দুল হালিমের বিরুদ্ধে একটি মামলা রয়েছে। তবে কারা ও কী কারণে তাকে হত্যা করেছে, প্রাথমিকভাবে তা বলা সম্ভব হচ্ছে না। হত্যাকাণ্ডের কারণ ও কারা এর সঙ্গে জড়িত তা উদ্ঘাটনের চেষ্টা করা হচ্ছে।
অপরদিকে, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর আড়ংঘাটা থানার শলুয়া বাজারে চায়ের দোকান-সংলগ্ন একটি স্থানে স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মী ক্যারাম বোর্ড খেলছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করেেএক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দৌলতপুরের দিক থেকে মোটরসাইকেলে হেলমেট পরিহিত তিন যুবক সেখানে আসে। এসেই তারা ক্যারাম বোর্ড খেলা ব্যক্তিদের লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়ে। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হলে তারা পালানোর চেষ্টা করে। কিন্তু সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে পরপর আরো তিন রাউন্ড গুলি চালায়। সেগুলোও লক্ষ্যভ্রষ্ট হয়। পরে মোটরসাইকেলে দ্রুত পালিয়ে যাওয়ার সময় তারা ফাঁকা স্থানে আরো দুই রাউন্ড গুলি ছোড়ে। এ ঘটনায় শলুয়া বাজারে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে দোকানপাট বন্ধ হয়ে যায়।
আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হালিমুর রহমান বলেন, শলুয়া বাজারে পিস্তল দিয়ে পাঁচ রাউন্ড গুলির ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে এক রাউন্ড তাজা গুলি ও দুই রাউন্ড গুলির খোসা উদ্ধার হয়েছে। তবে কেউ হতাহত হয়নি।
তিনি বলেন, কারা ও কী কারণে এ গুলিবর্ষণের ঘটনা ঘটিয়েছে তা উদ্ঘাটনের চেষ্টা করা হচ্ছে।
উল্লেখ্য, গত কয়েক দিন ধরে খুলনা মহানগরীতে সন্ত্রাসীদের বিরুদ্ধে যৌথবাহিনীর অভিযান চলছে। এ সময় বেশ কয়েকজন সন্ত্রাসী গ্রেপ্তারও হয়েছে। কয়েকদিন তুলনামূলক শান্ত থাকার পর মঙ্গলবার নগরীর নগরীর বিভিন্ন স্থানে তিনটি গুলির ঘটনাসহ পাঁচটি সন্ত্রাসী ঘটনা ঘটেছে।