যশোর, বাংলাদেশ || বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সমাজসেবা অধিদপ্তরের নামে প্রতারণা ও ঘুস বাণিজ্যের অভিযোগ

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ২৪ নভেম্বর,২০২৬, ০৯:৩৯ পিএম
আপডেট : মঙ্গলবার, ২৪ নভেম্বর,২০২৬, ১০:৫৩ পিএম
সমাজসেবা অধিদপ্তরের নামে প্রতারণা ও ঘুস বাণিজ্যের অভিযোগ

সাতক্ষীরা সমাজসেবা অধিদপ্তর থেকে সরকারিভাবে গরু দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে নগদ টাকা, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ছবি হাতিয়ে নিচ্ছে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র। শুধু টাকাই নয়, সংগৃহীত এনআইডি ও ছবি ব্যবহার করে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ উত্তোলনের মতো গুরুতর অভিযোগও উঠেছে চক্রটির বিরুদ্ধে।

তবে সমাজসেবা অধিদপ্তর স্পষ্ট জানিয়েছে, তাদের পক্ষ থেকে কখনোই গরু বা ছাগল বিতরণ করা হয় না।

অনুসন্ধানে জানা গেছে, সাতক্ষীরা শহরের মাছখোলা গ্রামে হোসনে আরা বেগম নামের এক নারী স্থানীয় অনেকের কাছ থেকে এনআইডি, ছবি ও নগদ টাকা সংগ্রহ করেছেন। গরু দেওয়ার পাশাপাশি সুস্থ-স্বাভাবিক মানুষকে প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার কথা বলেও তিনি জনপ্রতি ৭০০ থেকে এক হাজার ৭০০ টাকা পর্যন্ত নিয়েছেন।

স্থানীয় বাসিন্দা বঙ্কিমের স্ত্রী সবিতা অভিযোগ করে বলেন, প্রথমে তাকে সরকারি গরু দেওয়ার কথা বলে এক হাজার টাকা নেওয়া হয়। পরে গরু কেনার নামে ঋণ নেওয়ার কাগজপত্র প্রক্রিয়াজাত করা হলেও তাকে কোনো রসিদ বা কপি দেওয়া হয়নি।

একই গ্রামের আহাদ আলীর স্ত্রী জানান, কার্ড করে দেওয়ার কথা বলে সারা দিন ঘুরিয়ে তার কাছ থেকে এক হাজার ৭০০ টাকা নেওয়া হয়। রাতে আরও টাকা নিতে এলে বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তিনি আর টাকা দেননি।

সূত্র জানায়, প্রতারক চক্রটি মূলত যাদের বাড়িতে গোয়ালঘর রয়েছে, তাদের লক্ষ্যবস্তু বানাচ্ছে। তাদের এনআইডি ও গোয়ালঘর দেখিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ঋণ তোলা হচ্ছে।

এর ফলে কয়েকমাস পর ওই নিরীহ মানুষদের বাড়িতে ঋণখেলাপের নোটিস পৌঁছাচ্ছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে হোসনে আরা বেগম প্রথমে অস্বীকার করলেও পরে মাছখোলা এলাকার বিপ্লব, সদই, মহানন্দ, পলাশ, দিলীপ ও সুচিত্রাসহ বেশ কয়েকজনের কাছ থেকে টাকা নেওয়ার কথা স্বীকার করেন।

তিনি দাবি করেন, মাছখোলা ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য খায়ের তাকে এ দায়িত্ব দিয়েছেন এবং সমাজসেবা অধিদপ্তর থেকে আসা আটটি গরু বিতরণের জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে।

পাশাপাশি আদায়কৃত অর্থের ভাগ নিজে পান না দাবি করে হোসনে আরা জানান, কলেজমোড় এলাকার প্রকাশ এবং উপজেলা পর্যায়ের ইদ্রিস নামের দুই ব্যক্তি এই টাকা নেন।

তবে বক্তব্য নেওয়ার একপর্যায়ে ক্ষমা চাইলেও পরক্ষণেই তিনি সংবাদকর্মীকে নারী নির্যাতন মামলার হুমকি দেন।

তিনি বলেন, ‘থানা আর কোর্ট-কাচারিতে আমার অনেক দৌড়ঝাঁপ আছে; গেলে ওসি আমাকে চেয়ার এগিয়ে দেন। সাংবাদিক আমার কিছুই করতে পারবে না।’

এদিকে ইউপি সদস্য খায়ের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘সরকার গরু দিচ্ছে—এমন কোনো তথ্য আমার কাছে নেই। ওই নারীর সঙ্গে আমার কোনো কথাই হয়নি।’

অন্যদিকে ফোনে যোগাযোগ করা হলে অভিযুক্ত প্রকাশ টাকা নেওয়ার বিষয়টি পরোক্ষভাবে স্বীকার করে জানান, তিনি বর্তমানে খুলনায় আছেন এবং সকাল ৮টার মধ্যে সবার টাকা ফেরত দেবেন।

এ বিষয়ে সাতক্ষীরা সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বলেন, ‘সমাজসেবা অধিদপ্তর কখনোই গরু বা ছাগল দেয় না। কিছুদিন আগেও এমন প্রতারণার অভিযোগে কয়েকজনকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। সুনির্দিষ্ট লিখিত অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন