স্টাফ রিপোর্টার
, যশোর
যশোরের সুইড বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের যাতায়াতের সুবিধার্থে ইজিবাইক উপহার দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) আহনাফ সাদিক রাফিদের সৌজন্যে তার মা অধ্যাপক রেহানা পারভীন বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে এ ইজিবাইক হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন সুইড যশোরের সভাপতি অধ্যাপক নার্গিস বেগম, নির্বাহী সচিব আবুল বাসার সাইফুদ্দৌলা, এ কে শরফুদ্দৌলা ছোটলু, এজাজ উদ্দিন টিপু, রাজু আক্তার, রবিউল ইসলাম ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
সংশ্লিষ্টরা জানান, সুইড বাংলাদেশ দেশব্যাপী বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক শিশুদের বিশেষ শিক্ষা, প্রশিক্ষণ ও পুনর্বাসনে কাজ করে যাচ্ছে। যশোর শাখায় দীর্ঘদিন ধরে এ ধরনের শিশুদের শিক্ষা কার্যক্রম চললেও অনেকের বাড়ি থেকে বিদ্যালয়ে আসা-যাওয়ায় পরিবহন সমস্যা ছিল। নতুন এই ইজিবাইক শিশুদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি ও যাতায়াত সহজ করবে।
অধ্যাপক রেহানা পারভীনের এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে সুইড কর্মকর্তারা বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা ও সামাজিক অন্তর্ভুক্তিতে এ ধরনের সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।