স্টাফ রিপোর্টার
, যশোর
‘শাড়ির আঁচলে ইয়াবা ট্যাবলেট বেঁধে গোপনে বিক্রি করছিলেন’- এমন অভিযোগে যশোরের অভয়নগরে লিপি বেগম (৪০) নামে এক নারীকে আটক করেছে ডিবি পুলিশ। সোমবার (১৩ এপ্রিল) রাতে উপজেলার নওয়াপাড়ার বুইকারা আকঞ্জিপাড়া এলাকায় এই অভিযান চালানো হয়। আটক লিপি বেগম ওই এলাকার মৃত হিরু মোল্লার স্ত্রী।
যশোর ডিবি পুলিশের এসআই সালাউদ্দিন খান বলছেন, গোপন সূত্রে সংবাদ আসে যে জনৈক নারী তার বাড়ির সামনে ইট বিছানো রাস্তার ওপর ইয়াবা কেনাবেচা করছেন। এই তথ্যের ভিত্তিতে রাত পৌনে আটটার দিকে ডিবি পুলিশের একটি টিম সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে লিপি বেগমকে আটক করা হয়। পরে নারী পুলিশ সদস্যের মাধ্যমে তার শরীর তল্লাশি করা হলে শাড়ির আঁচলে বিশেষ কায়দায় বাঁধা অবস্থায় ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ওই সময় তার কাছ থেকে মাদক বিক্রির নগদ চার হাজার টাকাও জব্দ করা হয়।
এসআই সালাউদ্দিন খান দাবি করছেন, লিপি বেগম অভয়নগরের একজন চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে ২৫টি মাদক মামলা চলমান রয়েছে। সোমবারের ঘটনায় তার বিরুদ্ধে অভয়নগর থানায় আরও একটি মামলা হয়েছে। আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
অবশ্য পুলিশ হেফাজতে থাকায় লিপি বেগমের বক্তব্য জানা সম্ভব হয়নি।