খুলনা অফিস
খুলনার রূপসায় দুর্বৃত্তের গুলিতে মেহেদী শেখ (২৮) নামে এক যুবক জখম হয়েছেন।
পয়লা বৈশাখ (১৪ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার নৈহাটি দক্ষিণপাড়া হোগলডাঙ্গা বটতলায় নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
আহত মেহেদী শেখ নৈহাটি গ্রামের বাসিন্দা। তিনি বিএনপি নেতা আবু মুসা শেখের ছেলে। পেশায় তিনি একজন মুদি দোকানি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে মেহেদী তার বাড়ির সামনে অবস্থান করছিলেন।
ওই সময় কে বা কারা পেছন দিক থেকে তাকে গুলি করে পালিয়ে যায়। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। মেহেদীর বাম পায়ে গুলি লেগেছে।
রূপসা থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক মীর বলেন, গুলিবিদ্ধ যুবক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কারা, কী কারণে তাকে গুলি করেছে, তা এখনো সঠিকভাবে জানা যায়নি। এ ব্যাপারে তদন্ত শুরু হয়েছে। থানায় কেউ মামলা দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।