লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া উপজেলায় জেলা ও দায়রা জজের পৈত্রিক বাড়ি থেকে চারটি সিসি ক্যামেরা চুরি হয়েছে। শুক্রবার দিবাগত গভীর রাতে এ চুরির ঘটনা ঘটে।
একই বাড়িতে ২০২৪ সালে ওই জজের মা খুন হন। সেই খুনের মামলা সিআইডি তদন্ত করছে।
এদিকে, চুরির ঘটনায় শনিবার দুপুরে লোহাগড়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে , লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের চরমঙ্গলহাটা গ্রামের শেখ তবিবর রহমানের ছেলে ও নরসিংদীতে কর্মরত জেলা ও দায়রা জজ শেখ হুমায়ুন কবিরের পৈতৃক বাড়ি থেকে শুক্রবার রাতে চারটি সিসি ক্যামেরা চুরি করে নিয়ে গেছে চোররা। চুরি হওয়া ক্যামেরার মূল্য প্রায় ১৫ হাজার টাকা।
শনিবার সকালে সিসি ক্যামেরা চুরির ঘটনাটি জানাজানি হলে জেলা ও দায়রা জজের ভাতিজা একই গ্রামের লাল মিয়া শেখের ছেলে খিজির আহম্মেদ বাদী হয়ে লোহাগড়া থানায় একটি অভিযোগ দেন।
প্রসঙ্গত, ২০২৪ সালের ১১ মে রাতে ওই বাড়িতে জজের মা খুন হন। এ ঘটনায় দায়েরকৃত মামলাটি নড়াইল জেলা সিআইডির অধীনে তদন্তাধীন রয়েছে।
ভুক্তভোগী পরিবারের আশঙ্কা, সিসি ক্যামেরা চুরির ঘটনায় জড়িতরা ভবিষ্যতে বড় ধরনের ক্ষতিসাধন করতে পারে।
এ বিষয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, ‘অভিযোগ পেয়েছি। দ্রুত তদন্ত করে চুরির ঘটনার জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’