স্টাফ রিপোর্টার
, যশোর
যশোরে মাত্র সাড়ে তিন হাজার পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক পত্রিকা হকারকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী আজিবার রহমান জানান, তিনি দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন স্থানে পত্রিকা সরবরাহ করে জীবিকা নির্বাহ করে আসছেন। সেই সূত্রে এম কে রোডের একটি শোরুমে পত্রিকা সরবরাহ করতেন।
যেখানে তৎকালীন ম্যানেজার আবুল বাসারের কাছে তার ৩৫০৫ টাকা বকেয়া থাকে। পরবর্তীতে ওই ম্যানেজার চাকরি ছেড়ে দিলে তিনি নতুন ম্যানেজারের কাছে টাকা চান।
কিন্তু, বর্তমান ম্যানেজার তাকে আগের ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করতে বলেন। পাওনা টাকা চাইতে গেলে আবুল বাসার তা অস্বীকার করে উল্টো বলেন, 'পারলে আদায় করে নে'।
এর কিছুক্ষণ পর একটি নম্বর থেকে নিজেকে পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে তাকে ভয়ভীতি দেখানো হয় এবং টাকা না চাইতে বলা হয়।
বিষয়টি সন্দেহজনক মনে হলে তিনি থানায় গিয়ে খোঁজ নিলে পুলিশ জানায়, এ ধরনের কোনো অভিযোগ বা ফোন তারা দেয়নি। পরে অনুসন্ধানে জানা যায়, ফোনদাতা ব্যক্তি শোরুম-সংশ্লিষ্ট একজন কর্মচারী।
ভুক্তভোগীর অভিযোগ, পরবর্তীতে একাধিক নম্বর থেকে তাকে ফোন করে হত্যার হুমকি দেয়। এমনকী তাকে তুলে নিয়ে হত্যা করে লাশ গুম করার কথাও বলা হয়। এতে তিনি চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন এবং নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত।
এ ঘটনায় ভুক্তভোগী কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের আইনের আওতায় আনা এবং তার পাওনা টাকা আদায়ের পাশাপাশি ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।