সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৬) এক অভিযানে প্রায় আড়াই হাজার পিস ইয়াবাসহ ইয়াসিন আরাফাত নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে বলে জানানো হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে শহরের পলাশপোল এলাকার মধুমোল্যার ডাঙ্গি থেকে তাকে আটক করা হয়।
শনিবার (১৮ এপ্রিল) দুপুরে র্যাব-৬-এর পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য দেওয়া হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মধুমোল্যার ডাঙ্গি এলাকায় অভিযান চালিয়ে দুই হাজার ৫২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ইয়াসিন আরাফাতকে হাতেনাতে আটক করা হয়।
র্যাব বলছে, আটক ইয়াসিন আরাফাত দীর্ঘদিন ধরে সাতক্ষীরা শহরের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। পলাশপোল ও মধুমোল্যার ডাঙ্গি এলাকাকে কেন্দ্র করে তার একটি শক্তিশালী মাদক সিন্ডিকেট গড়ে উঠেছিল, যা স্থানীয় যুবসমাজের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছিল। র্যাব দীর্ঘ সময় ধরে তাকে নজরদারিতে রাখার পর এই অভিযানে সফল হয়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান জানান, র্যাবের পক্ষ থেকে আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে আসামিকে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।