স্টাফ রিপোর্টার
, যশোর
যশোরের অভয়নগরের চাঞ্চল্যকর শফিকুল ইসলাম হত্যাকাণ্ডের জট খুলেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। দীর্ঘ এক বছরের তদন্ত শেষে এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী দ্বীন ইসলাম শেখকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামি আদালতে শফিকুলকে হত্যার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।
খুলনা পিবিআই সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ২৬ আগস্ট খুলনার লবণচরা থানার পুটিমারি এলাকার কাজীবাছা নদী থেকে একটি অজ্ঞাতনামা বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। মরদেহটি পচে বিকৃত হয়ে যাওয়ায় শুরুতে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরবর্তীতে ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যায় যে, এটি যশোরের অভয়নগর উপজেলার পোতপাড়া গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে মো. শফিকুল ইসলামের (৫৪) মরদেহ।
তদন্তে বেড়িয়ে এসেছে যে, মূলত আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে শফিকুলকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। হত্যার পর অপরাধের প্রমাণ মুছে ফেলার উদ্দেশ্যে লাশ বস্তাবন্দি করে নদীতে ভাসিয়ে দিয়েছিল ঘাতকরা।
তদন্তকারী সংস্থা পিবিআই তথ্যপ্রযুক্তির সহায়তায় মূল অভিযুক্তের অবস্থান শনাক্ত করে গত ২১ এপ্রিল বরিশাল মহানগরের এয়ারপোর্ট থানা এলাকা থেকে দ্বীন ইসলাম শেখকে গ্রেফতার করে। সে অভয়নগর উপজেলার ভূগিলহাট গ্রামের আব্দুর রহিম শেখের ছেলে। গ্রেফতারের পর আসামিকে খুলনার আদালতে হাজির করা হলে সে হত্যাকাণ্ডের বিশদ বর্ণনা দিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।
এই মামলার তদন্তকারী কর্মকর্তা ও খুলনা পিবিআই-এর এসআই রেজওয়ান জানিয়েছেন, হত্যাকাণ্ডের সাথে আরও কয়েকজনের সম্পৃক্ততা পাওয়া গেছে এবং তাদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।