স্টাফ রিপোর্টার
, যশোর
যশোরের চৌগাছায় পাঁকা কাঁঠালের ভেতরে লুকিয়ে মাদক (উইনকোরেক্স সিরাপ) পাচারের সময় আব্দুর রাজ্জাক নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
বুধবার (২১ এপ্রিল) ভোর সাড়ে পাঁচটার দিকে চৌগাছা ফিলিং স্টেশনের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক আব্দুর রাজ্জাক উপজেলার সিংহঝুলী গ্রামের মৃত ওমর আলী খাঁর ছেলে।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) আহসান হাবীব জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম অভিযান চালিয়ে বাসের জন্য অপেক্ষারত রাজ্জাককে আটক করে।
এ সময় তার কাছে থাকা পাঁকা কাঁঠালের ভেতর বিশেষ কায়দায় লোকানো চল্লিশ বোতল ভারতীয় নিষিদ্ধ ‘উইনকোরেক্স’ সিরাপ উদ্ধার করা হয়।
আব্দুর রাজ্জাক মাদক বিশেষ কায়দায় কাঁঠালের কোয়া (দানা) বের করে তার ভেতর এই সিরাপের বোতলগুলো ঢুকিয়ে নিয়ে ঢাকায় নিয়ে যাওয়ার পরিকল্পনা করছিল।
এই অভিনব কায়দায় মাদক বহনের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আটক আসামির বিরুদ্ধে চৌগাছা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।