স্টাফ রিপোর্টার
, যশোর
যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ পৃথক দুটি ঝটিকা অভিযান চালিয়ে ৮৫ বোতল নিষিদ্ধ কফ সিরাপসহ (ফেনসিডিল) দুই মাদক কারবারিকে আটক করেছে। মঙ্গলবার (২১ এপ্রিল) যশোরের চৌগাছা ও কোতোয়ালী থানা এলাকায় এই অভিযানগুলো পরিচালিত হয়।
প্রথম অভিযানটি পরিচালিত হয় চৌগাছা উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের রাজাপুর গ্রামে। ডিবি পুলিশের এসআই বাবলা দাসের নেতৃত্বে একটি টিম দুপুর পৌনে তিনটার দিকে রাজাপুর গ্রামের কামাল হোসেনের চায়ের দোকানের সামনে অবস্থান নেয়।
সেখান থেকে ফারুক মন্ডল (২৮) নামে এক যুবককে আটক করা হয়। পরে তার সাথে থাকা একটি প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে ৩৫ বোতল অবৈধ কফ সিরাপ উদ্ধার করেন ডিবি পুলিশ। আটক ফারুক ঝিনাইদহ জেলার মহেশপুর থানার বেতবাড়িয়া গ্রামের শাহাজান মন্ডলের ছেলে।
এদিকে, একই দিন বিকেল সোয়া ৪টার দিকে দ্বিতীয় অভিযানটি চালানো হয় যশোর সদর উপজেলার আঁতলা রেলক্রসিং সংলগ্ন এলাকায়। এসআই কামাল হোসেনের নেতৃত্বে ডিবির একটি দল সেখানে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন শীর্ষ মাদক ব্যবসায়ী মোঃ আলমগীর হোসেন ওরফে মহি পাগলা (৫০)।
এসময় পুলিশ ধাওয়া করে তাকে একটি পালসার মোটরসাইকেলসহ আটক করে। পরে তার মোটরসাইকেলে থাকা ব্যাগ তল্লাশি করে আরও ৫০ বোতল কফ সিরাপ জব্দ করা হয়।
আটক আলমগীর শার্শা উপজেলার টেংরালী দক্ষিণপাড়ার মৃত কুদ্দুস সরদারের ছেলে। ডিবি পুলিশ জানিয়েছে, আলমগীর এলাকার একজন চিহ্নিত দুর্ধর্ষ অপরাধী।
তার বিরুদ্ধে আগে থেকেই হত্যা, ডাকাতি ও মাদক সংক্রান্ত অন্তত ১৩টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এই ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।