পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
খুলনার পাইকগাছায় প্রশাসনের হস্তক্ষেপে পণ্ড হয়ে গেছে গোপনে আয়োজিত একটি বাল্যবিবাহের আসর।
রবিবার (২৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার চাঁদখালী ইউনিয়নের কমলাপুর গ্রামে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরী।
এ সময় বাল্যবিবাহ নিরোধ আইন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সংশ্লিষ্টদের মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে কমলাপুর গ্রামের মো. সোহরাব হোসেনের ছেলে মো. জাহাঙ্গীর হোসেনের বাড়িতে অভিযান চালায় প্রশাসন।
সেখানে জাহাঙ্গীর হোসেন নামে এক অনিবন্ধিত কাজী অবৈধভাবে উপজেলার গদাইপুর ইউনিয়নের মটবাটি গ্রামের মো. জালাল কারিকরের ছেলে মো. শামিম কারিকর (২৩) এর সাথে কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের দশবাড়িয়া গ্রামের মো. মনিরুল গাজীর ১৫ বছর বয়সী মেয়ে মোছা. আরিফা খাতুনের বিবাহের আয়োজন করছিলেন।
বিষয়টি নিশ্চিত হওয়ার পর আদালত পাত্রপক্ষকে ৫ হাজার টাকা এবং অবৈধভাবে বিয়ের আয়োজন করায় অনিবন্ধিত কাজী জাহাঙ্গীর হোসেনকে ১৫ হাজার টাকা জরিমানা করেন।
অভিযানকালে বাল্যবিবাহটি তাৎক্ষণিকভাবে বন্ধ করে সংশ্লিষ্টদের সতর্ক করে নিজ নিজ বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।
অভিযানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, পেশকার তুহিন বিশ্বাসসহ পুলিশ ও আনসার সদস্যবৃন্দ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক অপরাধ। এটি প্রতিরোধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।