খুলনা অফিস
খুলনা প্রেসক্লাবে ঢুকে কর্মরত সাংবাদিকদের ওপর বর্বরোচিত হামলার ঘটনা ঘটেছে। গত রবিবার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে একদল দুর্বৃত্ত ক্লাবে প্রবেশ করে এই তণ্ডব চালায়।
হামলার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে বিক্ষুব্ধ সাংবাদিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, একদল দুর্বৃত্ত হঠাৎ ক্লাবে ঢুকে সভাপতি প্রার্থী মোস্তফা সরোয়ারের নাম ধরে গালিগালাজ শুরু করে এবং পুরো ক্লাব জুড়ে ত্রাস সৃষ্টি করে।
এক পর্যায়ে তারা 'এখন টেলিভিশন' এর খুলনার বিশেষ প্রতিনিধি মো. তরিকুল ইসলামের ওপর চড়াও হয়। এই ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পরপরই প্রেসক্লাবে অবস্থানরত সংবাদকর্মীরা প্রতিবাদে ফেটে পড়েন এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ করেন।
খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ কর্মসূচিতে সাংবাদিক নেতারা বলেন, সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা স্বাধীন গণমাধ্যমের ওপর সরাসরি আঘাত।
সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা। তিনি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
হাসান হিমালয়ের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন বিএফইউজে’র সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য জিয়াউস সাদাত, সিনিয়র সাংবাদিক আবু তৈয়ব, মিজানুর রহমান মিলটনসহ স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ।
সমাবেশ থেকে আজ সোমবার দুপুর ১২টায় মানববন্ধন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। উল্লেখ্য, আগামী ৩০ এপ্রিল খুলনা প্রেসক্লাব নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।