পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
খুলনার পাইকগাছায় লাইসেন্সবিহীন করাতকল ও অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি কার্যক্রম পরিচালনার দায়ে ভ্রাম্যমাণ আদালতে তিন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার কপিলমুনি ইউনিয়নে পৃথক এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরী এবং সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বী।
অভিযানে লাইসেন্স ছাড়া করাতকল পরিচালনার অপরাধে ভাই ভাই স’মিলকে আট হাজার টাকা এবং মোস্তফা সরদার স’মিলকে দশ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া কপিলমুনি কলেজ রোডে অবস্থিত একটি বেকারিতে প্যাকেটজাত পণ্যে প্রস্তুত ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এসময়ে উপস্থিত ছিলেন, পেশকার তুহিন বিশ্বাসসহ থানা পুলিশ ও আনসার সদস্যরা।
উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।