মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুর শহরে যৌতুকের দাবিতে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করার দায়ে সাজু হোসেন নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার দুপুরে মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আলী মাসুদ শেখ এই রায় ঘোষণা করেন। রায়ে কারাদণ্ডের পাশাপাশি আসামিকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রায় ঘোষণার সময় আসামি সাজু হোসেন আদালতে অনুপস্থিত থাকায় তার জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ৪ ডিসেম্বর যৌতুকের দাবিতে স্ত্রী ডলি খাতুনকে কুপিয়ে জখম করেন সাজু।
পরে চিকিৎসাধীন অবস্থায় ১০ ডিসেম্বর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের মা শেফালি খাতুন বাদী হয়ে সদর থানায় মামলা করলে দীর্ঘ তদন্ত ও ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় প্রদান করেন।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান তুহিন এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট একেএম শফিকুল আলম।