স্টাফ রিপোর্টার
, যশোর
কানাডায় নিয়ে ভালো বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে ১৪ লাখ টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় একটি মামলা হয়েছে।
ঢাকার সাভার থানার মধুপুর গনকবাড়ির তাজেম বেপারীর ছেলে জুয়েল রানা দুইজনের নাম উল্লেখ করে কোতোয়ালি থানায় মামলাটি করেছেন।
তিনি বর্তমানে যশোর সদর উপজেলার আড়পাড়া গ্রামের পরাগ হোসেনের বাড়িতে ভাড়া থাকেন।
আসামিরা হলেন, দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার রাজারামপুর দক্ষিণপাড়ার মোজাফফর হোসেনের মেয়ে মঞ্জিলা আক্তার ওরফে মনিষা (২৯) এবং একই উপজেলার সৈয়দপুর মধ্যপাড়া গ্রামের মিনহাজুল ইসলাম (৬০)।
জুয়েল রানা এজাহারে উল্লেখ করেছেন, আসামিরা তার পূর্বপরিচিত। মনিষার বেশকিছু আত্মীয়-স্বজন কানাডায় থাকে। সেই সূত্রে তাকে বলা হয়- কানাডায় নিয়ে ভালো বেতনের চাকরি দিতে পারবেন। এর জন্য খরচ হবে ১৪ লাখ টাকা। তিনি ২০২৫ সালের ২০ জুলাই থেকে ৩ নভেম্বর পর্যন্ত বিভিন্ন সময়ে মনিষার ব্যাংক অ্যাকাউন্টে মোট ১৪ লাখ টাকা পাঠান। টাকা পাঠানোর সমস্ত ডকুমেন্ট কাছে রেখে দেন। কথা ছিল তিন মাসের মধ্যে তাকে কানাডায় পাঠিয়ে দিতে পারবেন। কিন্তু আজ পর্যন্ত আসামিরা তাকে কানাডায় পাঠাতে পারেননি। আজ না কাল- বলে ঘোরাতে থাকেন।
গত ১৪ মে আসামিরা যশোর শহরের বারান্দিপাড়া ঢাকা রোড ব্রিজ সংলগ্ন ঈদগাহে দেখা করতে আসেন। সেখানে এসব বিষয়ে জানতে চাইলে তার সাথে মনিহাজুলের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মিনহাজুল তাকে ঘুসি মারতে মানতে বলেন- ১৪ লাখ টাকা ফেরত দেবেন না। টাকা চাইলে প্রাণে শেষ করে দেওয়া হবে। পরে তারা সেখান থেকে চলে যান।
বাধ্য হয়ে তিনি কোতোয়ালি থানায় মামলাটি করেন।