স্টাফ রিপোর্টার
, যশোর
যশোর জেনারেল হাসপাতাল থেকে গাঁজা ও মাদক সেবনের সরঞ্জামসহ আব্দুল্লাহ আল মাফী (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
বুধবার (২০ মে) সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক আব্দুল্লাহ আল মাফী যশোর শহরের হুশতলা এলাকার কবরস্থান পাড়ার মৃত ডা. নুরুজ্জামানের ছেলে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, সকালের দিকে হাসপাতালের ভেতর সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন আব্দুল্লাহ আল মাফী।
বিষয়টি নজরে এলে হাসপাতাল গার্ডে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে আটক করেন। পরে তার দেহ তল্লাশি চালিয়ে এক পুড়িয়া গাঁজা ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার হয়।
হাসপাতালে দায়িত্বরত পুলিশ সদস্য আশরাফুল ইসলাম জানান, মাদকসহ আটকের এই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
বিষয়টি ইতিমধ্যেই যশোর কোতোয়ালী থানাকে জানানো হয়েছে এবং আটক ব্যক্তিকে থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।