স্টাফ রিপোর্টার
, যশোর
শহরের ম্যাগপাই হোটেলের সপ্তম তলায় অবস্থিত যশোরের কাগজ ও দৈনিক সংবাদ পত্রিকার কার্যালয়ে চুরির ঘটনা ঘটেছে।
গত সোমবার (১৮ মে) গভীর রাতে অফিসের জানালার গ্রিল কেটে চোরেরা কম্পিউটারসহ গুরুত্বপূর্ণ নথিপত্র চুরি করে নিয়ে গেছে।
সংবাদ পত্রিকার যশোর জেলা প্রতিনিধি রাকিব হোসেন জানান, প্রতিদিনের মতো সোমবার রাতেও অফিস বন্ধ করে সবাই চলে যান। সকালে এসে তারা দেখতে পান পাশের দেয়ালের গ্রিল কাটা এবং অফিসের ভেতরের জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। খোঁজ নিয়ে জানা যায়, পত্রিকা অফিসের পাশেই অবস্থিত পরিত্যক্ত জাবির হোটেলের ভেতর দিয়ে চোরেরা উপরে উঠে আসে। এরপর অফিসের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে তারা। অফিসের মালামাল এলোমেলো করে দুইটি পিসি ও তিনটি মনিটর নিয়ে গেছে।
তিনি আরও জানান, কয়েকদিন আগে একই কায়দায় কিশোর গ্যাং চক্র অফিসে ঢোকার চেষ্টা করে। সে সময় তাদের হাতেনাতে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়। তার ধারণা, একই চক্র এবার পরিকল্পিতভাবে অফিসে ঢুকে কম্পিউটার ও গুরুত্বপূর্ণ নথিপত্র চুরি করেছে।
এই ঘটনার বিষয়ে থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।