মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় নারী ও শিশুসহ ১১ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গত বুধবার রাতে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বিজিবি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার রাত সাড়ে ৮টার দিকে মহেশপুর ৫৮ বিজিবির অধীনস্থ বাঘাডাঙ্গা বিওপির একটি টহল দল সীমান্তে বিশেষ অভিযান পরিচালনা করে।
এ সময় অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার চেষ্টারত অবস্থায় ১১ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়।
আটকদের মধ্যে পাঁচজন নারী, দুইজন পুরুষ এবং চারজন শিশু রয়েছে। তারা সবাই বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা বলে জানা গেছে।
বিজিবি আরও জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে আটককৃত ব্যক্তিদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।