মনিরামপুর (যশোর) প্রতিনিধি
নিরাপদ খাদ্য উৎপাদন ও রফতানিকরণ বিষয়ে মণিরামপুরে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মণিরামপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এই কংগ্রেসের আয়োজন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট হোসেন সকাল ১০টায় ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন।
উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা আক্তারের সভাপতিত্বে এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম রেজা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমি আক্তার উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপজেলার ৭০ জন কৃষক অংশ নেন।
বক্তারা বলেন, 'প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) বিশ্বব্যাংক, ইউএনডিপি এবং আইএফএডি-এর সহায়তায় পরিচালিত কৃষকদের সম্মেলন।
এর কাজ হচ্ছে নিরাপদ ও রপ্তানিমুখী সবজি উৎপাদন।
বক্তারা বলেন, আলু পেঁয়াজ উৎপাদনে আমরা বিশ্বে সপ্তম। সেই হিসেব করলে খাদ্য উৎপাদনে আমাদের দেশ প্রথম সারির কাতারে থাকলেও বিশ্ব বাজারে আমরা সবজি রপ্তানিতে পিছিয়ে আছি।
এর প্রধান কারণ হচ্ছে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হলেও আমাদের নিরাপদ খাদ্যের অভাব। পার্টনার কংগ্রেসের লক্ষ্য হচ্ছে নিরাপদ খাদ্য উৎপাদন করে দেশে সবার কাছে সে খাদ্য পৌঁছে দেওয়া।
আমাদের দেশে ভরা মৌসুমে সবজির (যেমন: মুলা, ফুলকপি, পাতাকপি) ব্যাপক উৎপাদন হলেও কৃষকরা অনেক সময় ন্যায্য মূল্য না পেয়ে খেতে সবজি নষ্ট করে দেন।
ওই সময়ে আমাদের চাহিদার তুলনায় সবজির যোগান অনেক বেশি হয়। তারপরও আমরা এসব সবজি বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি না।
মণিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা আক্তার বলেন, পার্টনার কংগ্রেসের মাধ্যমে গ্রাম পর্যায়ে কৃষকদের ১০টি সেশনে প্রশিক্ষণ দেওয়া হয়।
পাশাপাশি প্রদর্শন প্লটের মাধ্যমে তা বাস্তবায়ন করা হয়। স্কুলের কার্যক্রম শেষ হলে আমরা সেখানে কৃষক সার্ভিস সেন্টার চালু করবো। যেখানে কৃষক নানা রকম পরামর্শ পাবেন।