স্টাফ রিপোর্টার
, যশোর
ঝিকরগাছায় আলোচিত আবু হুরাইরা মিম হত্যামামলায় পাঁচজনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে এজাহারভুক্ত হলেন চারজন।
এরা হলো, ঝিকরগাছা পৌরসভাধীন কীর্তিপুর এলাকার নুর ইসলামের ছেলে আমিনুল ইসলাম, গোলাম হোসেনের ছেলে ওহিদুল ইসলাম, মল্লিকপুরের আব্দুল মান্নানের ছেলে বুলু হোসেন এবং কীর্তিপুরের আব্দুল আলিমের ছেলে রাকিবুল ইসলাম শান্ত। আর সন্দেজনক হিসেবে আটক করা হয়েছে মল্লিকপুরের আমজেদ হোসেনের ছেলে জুয়েল হোসেন।
শুক্রবার (২২ মে) বিকেলে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
পুলিশ জানায়, নিহত আবু হুরাইরা মিম (২৪) ঝিকরগাছা উপজেলার কীর্তিপুর এলাকার বাসিন্দা এবং পেশায় ব্যবসায়ী ছিলেন। গত ২০ মে রাত সাড়ে ৮টার দিকে তিনি বাড়ি থেকে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে বের হন। পরদিন সকালে কীর্তিপুর এলাকার একটি বাঁশবাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের ছোটভাই মুশফিকুর রহমান ফাহাদ বাদী হয়ে ঝিকরগাছা থানায় হত্যামামলা দায়ের করেন।
তদন্ত কর্মকর্তা আদালতে উল্লেখ করেন, হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটনে ভিকটিমের মোবাইলফোনের কললিস্ট বিশ্লেষণ করা হয়। পাশাপাশি বাদী, সাক্ষী ও গোপন সংবাদের তথ্য পর্যালোচনা করে মামলায় জড়িত সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত আবু হুরাইরা মিমের সঙ্গে গ্রেপ্তারকৃতদের পূর্ব বিরোধ ছিল। সেই বিরোধের জের ধরেই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে বলে ধারণা করছে পুলিশ।