স্টাফ রিপোর্টার
, যশোর
যশোরে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের নেতা রাশেদ খানের বাড়িতে হামলা ও ভাঙচুর করেছে তার এক প্রতিবেশী। একই সময় তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।
সোমবার (২৫ মে) রাত ৯টার দিকে যশোর শহরতলীর খোলাডাঙ্গা কদমতলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
এসময় রাশেদ খানের বাড়ির প্রাচীর ও তাদের পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠান ভেঙে দেওয়া হয় বলে তিনি যশোর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে ছাত্রনেতা রাশেদ লিখেছেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দীর্ঘদিন ধরে তার প্রতিবেশীদের সাথে বিরোধ ছিল। এর ধারাবাহিকতায় ২৫ মে রাত ৯টা ১৫ মিনিটে প্রতিবেশী মনা, ইমন, জুলি খাতুনসহ কয়েকজন দেশীয় অস্ত্রশস্ত্র, ধারালো দা ও কুড়াল নিয়ে রাশেদের বাড়ি সংলগ্ন দোকানের সামনে এসে গালিগালাজ শুরু করে।
গালিগালাজ করতে নিষেধ করলে অভিযুক্তরা তাকে এলোপাতাড়ি মারধর করে। একই সঙ্গে তার দোকান ও বাড়ির প্রাচীর ভাঙচুর করে। এতে তার প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। অভিযুক্তদের মধ্যে দুজন রাশেদকে হত্যার উদ্দেশ্যে ধারালো কুড়াল নিয়ে তেড়ে আসে।
এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা তাকে হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে বলে রাশেদ খান অভিযোগে উল্লেখ করেছেন।
রাশেদ খান জানান, অভিযুক্তরা তাকে ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে। এতে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
পুলিশ জানিয়েছে এ বিষয়ে তারা তদন্ত শুরু করেছেন।