দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার দেবহাটায় ২৩৪ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৫ মে) রাত ৯টায় উপজেলার হাদিপুর এলাকার একটি ইটভাটার পেছন থেকে ফেনসিডিলগুলো উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শী ওহিদুজ্জামান জানান, ঘটনার সময় তিনি রাস্তার পাশে একা বসেছিলেন। হঠাৎ দেখতে পান ৭/৮ ব্যক্তি মাথায় বস্তা নিয়ে মেইন রাস্তার দিকে যাচ্ছে। তিনি তাদের উদ্দেশ করে ‘কে কে’ বলে চিৎকার দিলে চোরাকারবারিরা তাকে ইট তুলে মারার চেষ্টা করে। পরে তিনি দ্রুত বন্ধুদের ফোন করে ডেকে নিলে হামলাকারীরা দুটি বস্তা ফেলে রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

স্থানীয় ইউপি সদস্য আসমতুল্লাহ গাজী বলেন, ‘স্থানীয় যুবকদের ফোন কল পেয়ে আমি তাৎক্ষণিকভাবে থানা পুলিশকে বিষয়টি জানাই। পরে মাদক উদ্ধারের ঘটনাস্থলে গিয়ে থানা পুলিশের সহযোগিতায় বস্তা খুলে গণনা করলে ২৩৪ বোতল ফেনসিডিল পাওয়া যায়।’
দেবহাটা থানার এসআই নকীব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয় মেম্বারের ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরিত্যক্ত অবস্থায় ২৩৪ বোতল ফেনসিডিল উদ্ধার করে। জব্দ করা মাদকদ্রব্য থানায় আনা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়ার মাধ্যমে পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে।