স্টাফ রিপোর্টার
, যশোর
জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে যশোরের মণিরামপুর উপজেলার রোহিতা গ্রামে হযরত আলী নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যাচেষ্টা এবং তার টাকা ও মালামাল লুটের অভিযোগে ছয়জনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে।
সোমবার (১ জুন) হযরত আলী বাদী হয়ে এ মামলা করেন।
যশোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুবা শারমিন অভিযোগটি মণিরামপুর থানার ওসিকে এজাহার হিসেবে গ্রহণ করার আদেশ দিয়েছেন। এ খবর নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী শেখ তাজ হোসেন তাজু।
অভিযুক্তরা হলেন, রোহিতা গ্রামের শেখপাড়ার মৃত আইয়াম উদ্দিনের ছেলে জাহিদুল ইসলাম জয়েদ, সাজ্জাদ হোসেন, অহেদ আলী, সোহেদ আলী, জাহিদুল ইসলাম জয়েদের স্ত্রী শারমিন বেগম ও জামালপুর গ্রামের মৃত মমিন উদ্দিনের ছেলে নুরনবী।
মামলার অভিযোগে বলা হয়েছে, ২০ মে দুপুরে হযরত আলী তার নিজ বাড়িতে অবস্থান করছিলেন। পূর্ব শত্রুতার জেরে আসামিরা এ সময় তার বাড়ি হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যার চেষ্টা করে। বাড়ির লোকজন তাকে ঠেকাতে গেলে তাদেরও মারপিটে জখম করা হয়। হযরতের কাছে থাকা তিন লাখ ৫৫ হাজার টাকা কেড়ে নেওয়া হয়। এ সময় তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে হামলাকারীরা চলে যায়।
আহতদের উদ্ধার করে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় মণিরামপুর থানায় অভিযোগ দিলে কর্তৃপক্ষ গ্রহণ না করায় তিনি আদালতে মামলা করেন।