স্টাফ রিপোর্টার
, যশোর
মারপিট ও টাকা চুরির অভিযোগে মাদকাসক্ত ছেলে আব্দুল্লাহ আল বাসিতের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন তার মা।
সোমবার (১ জুন) শহরতলীর ঝুমঝুমপুর উপজেলা পরিষদ এলাকার মৃত হাবিবুর রহমানের স্ত্রী ইয়াসমিন সুলতানা বাদী হয়ে এ মামলা করেন।
সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল অভিযোগটি আমলে নিয়ে আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন।
মামলার বিবরণে জানা গেছে, ২০১৪ সালে ব্যাংকার স্বামীর মৃত্যুর পর ইয়াসমিন সুলতানা বহু কষ্ট করে ছেলেমেয়ে বড় করেছেন। বেশ কিছুদিন হলো বাসিত সঙ্গদোষে নেশায় আসক্ত হয়ে সংসারে চরম অশান্তি শুরু করে। নেশার টাকার জন্য বাড়ির মালামাল চুরি করে বিক্রি করে দেয়। গত ৩১ মে সে তার মায়ের কাছে টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকার করায় ঘরের আসবাবপত্র ভাংচুর ও তার মাকে মারপিট করে ঘরে থাকা ৫ হাজার টাকা নিয়ে যায়। হুমকি দিয়ে যায় প্রতিদিন টাকা না দিলে সকলকে হত্যা করে বাড়িতে আগুন লাগিয়ে দেবে।
এ ঘটনায় থানায় অভিযোগ দিলে কর্তৃপক্ষ গ্রহণ না করায় তিনি আদালতে এ মামলা করেছেন