মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দীতে টায়ার চুরি করতে এসে গণপিটুনিতে অজ্ঞাতপরিচয় এক চোর নিহত হয়েছেন। মঙ্গলবার (০২ জুন) ভোররাতের দিকে বামুন্দী বাসস্ট্যান্ড এলাকার 'খোকন এন্টারপ্রাইজ' নামের একটি টায়ার হাউজে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর পাঁচটার দিকে পাঁচ সদস্যের একটি চোরচক্র ওই দোকানের তালা ভেঙে তিন জোড়া ট্রাকের টায়ার তাদের পিকআপ ভ্যানে তুলে নেয়।
এ সময় দোকান মালিক ও স্থানীয়রা টের পেয়ে ধাওয়া দিলে চারজন পালিয়ে যেতে সক্ষম হলেও একজন ধরা পড়ে যায়। পরে উত্তেজিত জনতার গণপিটুনিতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
টায়ার চুরির ঘটনায় গণপিটুনিতে মৃত্যুর খবর পেয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাসের নেতৃত্বে পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করছে। খোকন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী তুষার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। গাংনী থানার ওসি জানান, তিনি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নিহত অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তির নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে, পাশাপাশি এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।