স্টাফ রিপোর্টার
, যশোর
যশোরে নার্সারি ব্যবসার আড়ালে অত্যান্ত সুকৌশলে গাঁজা চাষের অভিযোগে ১৬টি গাঁজার গাছসহ ডাবলু হোসেন নামে এক নার্সারি ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গত রোববার (১ জুন) বিকেলে যশোর সদর উপজেলার উত্তর ডহরসিংহা বিলচাচী গ্রামের একটি নার্সারি থেকে এই গাঁজার গাছগুলো উদ্ধার করা হয়। আটক ডাবলু হোসেন ওই গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার বিকেলে যশোর সদরের উত্তর ডহরসিংহা বিলচাচী গ্রামের রফিকুল ইসলামের নার্সারিতে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল।
এ সময় নার্সারির ভেতর রোপণ করা ১৬টি জ্যান্ত গাঁজার গাছ উদ্ধার করা হয় এবং মাদক চাষের সাথে জড়িত থাকার অভিযোগে রফিকুল ইসলামের ছেলে ডাবলু হোসেনকে আটক করা হয়।
পুলিশের জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে নার্সারি ব্যবসার আড়ালে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে গোপনে গাঁজা চাষ ও তা বিক্রি করে আসছিলেন।
অভিযানের বিষয়ে ডিবির উপ-পরিদর্শক (এসআই) রকি মন্ডল জানান, নার্সারি ব্যবসার আড়ালে এখানে মাদক উৎপাদন করা হচ্ছিল। গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৬টি গাছসহ একজনকে আটক করা হয়েছে।
এই ঘটনায় আটক ডাবলু হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে যশোর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।