যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মেহেরপুরে বিএনপি নেতার বাড়িতে কাফনের কাপড় ও চিরকুট

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ৩ জুন,২০২৬, ০১:২৬ পিএম
আপডেট : বুধবার, ৩ জুন,২০২৬, ০৭:৪৯ পিএম
মেহেরপুরে বিএনপি নেতার বাড়িতে কাফনের কাপড় ও চিরকুট

মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লস্কর আলীর বাড়ির সামনে কাফনের কাপড়, গোলাপজল, আগরবাতি ও চিরকুট রেখে জীবননাশের হুমকি দিয়েছে দুর্বৃত্তরা।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়দের মধ্যে গভীর উদ্বেগ দেখা দিয়েছে। জানা গেছে, সদর উপজেলার বলিয়ারপুর গ্রামের বাসিন্দা লস্কর আলীর বাড়ির প্রধান ফটকের সামনে গত রাতের কোনো এক সময় এসব সামগ্রী রেখে যায় অজ্ঞাত দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে বের হওয়ার সময় তিনি ফটকের সামনে কাফনের কাপড়, গোলাপ জল, আগরবাতি ও একটি চিরকুট দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে বলিয়ারপুর পুলিশ ক্যাম্পের একটি দল ঘটনাস্থলে গিয়ে আলামতগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

উদ্ধার হওয়া চিরকুটে লেখা ছিল, ‘তুই ভালো-মন্দ খেয়ে নে, তোর সময় শেষ। তোর মাথা বটতলায় বটগাছে ঝুলিয়ে রাখবো। তুইসহ তোর পাশে যারা থাকে কাউকে ছাড়বো না। সময় শেষ, রেডি হ।’

লস্কর আলী বলেন, ‘আমার সঙ্গে কারও ব্যক্তিগত কোনো বিরোধ নেই; রাজনৈতিক কারণেই আমাকে ভয়ভীতি দেখাতে এ ধরনের হুমকি দেওয়া হয়েছে বলে আমি মনে করি। প্রশাসনের উচিত বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা। অন্যথায় আমি এবং এলাকার অনেক মানুষ নিরাপত্তাহীনতায় ভুগবেন।’

বলিয়ারপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মনিরুজ্জামান জানান, বাড়ির মালিকের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থল থেকে প্রায় এক গজ সাদা কাপড়, আগরবাতি, গোলাপজল এবং হুমকিসম্বলিত চিরকুট উদ্ধার করা হয়েছে। বিষয়টি গভীরভাবে তদন্ত করে দেখা হচ্ছে এবং জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

এদিকে, সম্প্রতি মেহেরপুর জেলার বিভিন্ন এলাকায় বোমাসদৃশ বস্তু, কাফনের কাপড় ও হুমকিসম্বলিত চিরকুট রেখে আতঙ্ক সৃষ্টির ঘটনা বাড়ছে।

তবে এসব ঘটনার সঙ্গে জড়িতদের এখনো শনাক্ত করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যার ফলে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা ক্রমেই বাড়ছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)