চুয়াডাঙ্গা প্রতিনিধি
অপরিচ্ছন্ন পরিবেশে বেকারি পণ্য উৎপাদন ও সংরক্ষণ এবং অবৈধভাবে বিএসটিআই লোগো ব্যবহার করে পণ্য বাজারজাত করার অভিযোগে চুয়াডাঙ্গার দুটি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা-অধিকার।
বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার ফার্মপাড়া ও বেলগাছি রেলগেট এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।
ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ধারা অনুসারে অপরিচ্ছন্ন পরিবেশে বেকারি পণ্য তৈরি ও সংরক্ষণ এবং অবৈধভাবে বিএসটিআই লোগো ব্যবহারের কারণে হারুন অর রশিদের প্রতিষ্ঠান মেসার্স নূর ফুড প্রোডাক্টসকে ২৫ হাজার টাকা এবং বিটু ইসলামের প্রতিষ্ঠান মেসার্স সাকিল চানাচুরকে ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
এছাড়াও দ্রুততম সময়ে সমস্যাগুলো সমাধানপূর্বক কার্যক্রম পরিচালনার জন্য প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা প্রদান করা হয়।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর গোলাম ফারুক ও জেলা আনসার ব্যাটালিয়নের একটি টিম।