স্টাফ রিপোর্টার
, যশোর
চার সন্তানের জননী এক নারী (৪০) ধর্ষণে বাধা দেয়ায় তাকে গলায় ও মুখে চাকু দিয়ে আঘাত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে গত বুধবার ভোর পাঁচটার দিকে যশোর শহরতলীর একটি বাড়িতে।
এই ঘটনায় যশোর কোতোয়ালি থানায় মামলা হয়েছে। আসামি করা হয়েছে আব্দুল কাদের (২৭) নামে এক যুবককে।
কাদের যশোর শহরতলীর মোবারককাঠি ঘোষপাড়ার জাহাঙ্গীর হোসেনের ছেলে।
এজাহারে উল্লেখ করা হয়েছে, বিধবা ওই নারীর তিন মেয়ে এক ছেলে। তার দুই মেয়ের বিয়ে হয়ে গেছে। আর এক ছেলে এক মেয়ে মাদ্রাসায় আবাসিকে থেকে লেখাপড়া করে। সেকারণে তিনি বাড়িতে একা থাকেন। আব্দুল কাদের দীর্ঘদিন ধরে তাকে নানাভাবে কুপ্রস্তাব দিতো। কিন্তু তিনি রাজি হননি।
গত ১০ জুন ভোর পাঁচটার দিকে ওই নারী ফজরের নামাজ আদায়ের লক্ষ্যে ওজুর জন্য কল পাড়ে যান। এই সুযোগে কাদের তার ঘরের মধ্যে ঢুকে অবস্থান নেয়। ওজু শেষে তিনি ঘরে ঢোকার সাথে সাথে তাকে জাপটে ধরে ধর্ষণের চেষ্টা করে কাদের। সে সময় তিনি চিৎকার দিলে কাদের চাকু বের করে তাকে ভয় দেখায়। কিন্তু চিৎকার করতে থাকায় সে তার গলা ও মুখে আঘাত করে দ্রুত পালিয়ে যায়।
এদিকে, চিৎকার শুনে বাড়ি ও আশেপাশের লোকজন এগিয়ে এসে তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায় এবং দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে।
বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এই ঘটনায় ওই নারীর দেবরের ছেলে কোতোয়ালি থানায় একটি মামলা করেছেন।