স্টাফ রিপোর্টার
, যশোর
প্রাইভেটকার থামিয়ে মিললো দশ হাজার পিস ইয়াবা। আটক করা হয়েছে দুইজনকে।
সোমবার দুপুরে যশোর-বেনাপোল সড়কে অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা ইয়াবাসহ দুইজনকে আটক করেছে।
আটককৃতরা হলেন, বেনাপোল পোর্ট থানার দৌলতপুর মধ্যপাড়ার নওশের আলী মোড়লের ছেলে বাবলুর রহমান (৫৫) এবং বড়আচঁড়া মাঠপাড়ার আজগর আলীর ছেলে নুরুজ্জামান (৩৪)।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মদন মোহন সাহা জানিয়েছেন, দুপুর পৌনে একটার দিকে তাদের কাছে সংবাদ আসে, যশোর শহর থেকে একটি প্রাইভেটকার বেনাপোলের দিকে যাচ্ছে। এই সংবাদের ভিত্তিতে তদের একটি টিম ঝিকরগাছার বেনেয়ালী এলাকায় অবস্থান নেয়। এরপর ওই প্রাইভেটকার তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা দশ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় ঝিকরগাছা থানায় মামলা হয়েছে।