স্টাফ রিপোর্টার
, যশোর
যশোরের চৌগাছায় বিএনপিকর্মী আতিয়ার রহমান (৪৫) হত্যাকাণ্ডের এজাহারভুক্ত এক নম্বর আসামি মোহাম্মদ আলীকে (৩৮) গ্রেপ্তার করেছেন র্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা।
মঙ্গলবার (২৩ জুন) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর মিরপুর-১৪ নম্বরের ইব্রাহিমপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মোহাম্মদ আলী চৌগাছা উপজেলার ফতেপুর গ্রামের আমিন উল্লাহর ছেলে।
র্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বি প্রিন্স জানান, হত্যাকাণ্ডের পর আসামিরা আত্মগোপনে যান। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল ঢাকার মিরপুরে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
র্যাব জানায়, এই হত্যাকাণ্ডের ঘটনায় চৌগাছা থানায় নিহতের ছোট ভাই মো. রাশেদ আলী (৪১) বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। মামলার এজাহারে নয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও আট থেকে দশ জনকে আসামি করা হয়েছে।
হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ উল্লেখ করে র্যাব কমান্ডার জানান, নিহত আতিয়ার রহমান বেড়গোবিন্দপুর বাঁওড়ে নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন। আসামিদের সাথে আতিয়ারের পরিবারের পূর্ববিরোধ ছিল। এর আগে আসামিরা আতিয়ারের বাবা ছবেদ আলীকে হত্যার উদ্দেশে কুপিয়ে গুরুতর জখম করে, যা নিয়ে চৌগাছা থানা ও আদালতে দুটি মামলা বিচারাধীন রয়েছে। ওই মামলা দুটি তুলে নেওয়ার জন্য আসামিরা আতিয়ার ও তার ছোট ভাই রাশেদ আলীকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল।
এরই জেরে গত ২০ জুন রাতে আতিয়ার রহমান প্রতিদিনের মতো বাঁওড় পাহারা দেওয়ার জন্য বাড়ি থেকে বের হন। কিন্তু পরদিন তিনি আর বাড়ি ফিরে আসেননি। খোঁজাখুঁজির একপর্যায়ে ২১ জুন দুপুরে বেড়গোবিন্দপুর বাঁওড়ের ডাইনের বিল ক্যানালের কচুরিপানার নিচ থেকে তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়।
এই হত্যাকাণ্ডের সাথে জড়িত অন্য আসামিদের ধরতেও র্যাবের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন তিনি।