স্টাফ রিপোর্টার
, যশোর
দশ পিস ইয়াবা উদ্ধার মামলায় কেশবপুরের সাতবাড়িয়া গ্রামের মাদক ব্যবসায়ী মোস্তফা মোড়লকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন যশোরের একটি আদালত।
বৃহস্পতিবার (২ জুলাই) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল এ রায় দেন।
সাজাপ্রাপ্ত মোস্তফা মোড়ল কেশবপুর উপজেলার সাতবাড়িয়া গ্রামের মৃত মুনসুর মোড়লের ছেলে।
মামলার অভিযোগে জানা যায়, ২০১৫ সালের ৭ অক্টোবর কেশবপুরের ভাল্লুক ঘর ক্যাম্পের পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সাতবাড়িয়া বাজারে অভিযান চালায়। এ সময় ঈদগাহের পাশ থেকে মোস্তফা মোড়লকে আটক করে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে দশ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় ভাল্লুক ঘর ক্যাম্পের তৎকালীন এসআই আবুল কালাম বাদী হয়ে আটক মোস্তফা মোড়লের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কেশবপুর থানায় একটি মামলা করেন। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে আসামি মোস্তফা কামালের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে এক বছরের কারাদণ্ডের আদেশ দেন। সাজাপ্রাপ্ত মোস্তফা মোড়ল পলাতক রয়েছেন ।