স্টাফ রিপোর্টার
, যশোর
যশোরে এক পুলিশ সদস্য ও তার পরিবারের ওপর হামলা, মা-মেয়ের শ্লীলতাহানি, গাড়ি ভাঙচুর এবং টাকা ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্ত যুবলীগ নেতা মাহাফুজুর রহমান হীরা আটকের দুই ঘণ্টার মধ্যেই জামিন পেয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে জেলা গোয়েন্দা পুলিশ তাকে আটক করে আদালতে সোপর্দ করে। আসামিপক্ষ জামিনের আবেদন করলে বিচারক তা মঞ্জুর করেন।
মামলার বিবরণে বলা হয়, গত ৫ জুন রাত ৮টার দিকে শহরের চিত্রা মোড়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে একটি প্রাইভেটকারের ধাক্কা লাগে। এর জের ধরে দড়াটানা মোড়ে প্রাইভেটকারটির গতিরোধ করে হীরা ও তার সহযোগীরা। সেখানে গাড়ির আরোহী এক পুলিশ সদস্য নিজের পরিচয় দেওয়ার পরও তাকে বেদম মারধর একইসাথে গাড়িতে থাকা তার স্ত্রী ও মেয়ের শ্লীলতাহানি করা হয়।
হামলাকারীরা প্রাইভেটকারটি ভাঙচুর করে প্রায় ৭০ হাজার টাকার ক্ষতিসাধন করে এবং নগদ পাঁচ হাজার টাকা ছিনিয়ে নেয়।
মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই আল-আমিন জানান, প্রাথমিক তদন্তে পুলিশ পরিবারের ওপর হামলার ঘটনায় হীরার সরাসরি জড়িত থাকার প্রমাণ মিলেছে। সেই প্রেক্ষিতেই তাকে আটক করে আদালতে সোপর্দ করা হয়। আদালতে আসামিপক্ষ জামিনের আবেদন করলে বিচারক তা মঞ্জুর করেন।
মাহাফুজুর রহমান হীরা শহরের পূর্ব বারান্দীপাড়া এলাকার আব্দুল মান্নানের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি এলাকায় যুবলীগের রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত। বিশেষ করে সাবেক আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষমতার অপব্যবহার করে এলাকায় নানা অনিয়ম ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। হীরা যশোর সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও যুবলীগ নেতা আনোয়ার হোসেন বিপুলের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।
স্থানীয়দের অভিযোগ, ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর আনোয়ার হোসেন বিপুল আত্মগোপনে থাকলেও হীরা বর্তমানে যশোর শহরে নানা ধরনের অপতৎপরতা চালাচ্ছিলেন।