সাতক্ষীরা প্রতিনিধি
শ্যামনগরে একটি কাভার্ডভ্যানে অভিযান চালিয়ে প্রায় ১৮ লাখ ৮৩ হাজার টাকা মূল্যের কোডিনযুক্ত মাদক সিরাপ, ভারতীয় ওষুধ ও বিড়ি জব্দ করেছে র্যাব-৬।
এ সময় আব্দুল মজিদ শেখ (৩৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে শ্যামনগর উপজেলার মথুরাপুর এলাকায় এ অভিযান চালানো হয়।
র্যাব জানায়, মজিদ শেখ দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় মাদক ও চোরাচালানের পণ্য এনে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতেন।
র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার জায়েন উদ্দিন মোহাম্মদ জিয়াদ জানান, অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত দুটি ব্যাটারিচালিত ছোট কাভার্ডভ্যান জব্দ করা হয়। এ সময় এক হাজার ৮৮৩ বোতল কোডিনযুক্ত মাদক সিরাপ (উইনসিরেক্স, এসকাফ ও ফেয়ারডিল), দেড় হাজার পাতা ভারতীয় এল-হিস্ট মন্ট, ৬০ পাতা আলফা-কেটোজক্স ওষুধ এবং ৩২০ ব্যাগ ভারতীয় বাপ্পা বিড়ি উদ্ধার করা হয়। জব্দ করা মাদক সিরাপের আনুমানিক বাজারমূল্য ১৮ লাখ ৮৩ হাজার টাকা।
ক্যাম্পের কোম্পানি কমান্ডার বলেন, এ ঘটনায় উদ্ধার করা আলামতসহ আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শ্যামনগর থানায় মামলা করা হয়েছে। ঘটনায় জড়িত পলাতক অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।