স্টাফ রিপোর্টার
, যশোর
যশোর শহরের বড় বাজার এলাকার শ্রীশ্রীসিদ্ধেশ্বরী কালী মন্দিরের দানবাক্স ভেঙে টাকা চুরির অভিযোগ উঠেছে। রোববার ভোরে টাকা চুরির ঘটনা ঘটে। অভিযোগ পেয়ে পুলিশ সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে।
শ্রীশ্রীসিদ্ধেশ্বরী কালীমন্দিরের ছোট পুরোহিত উত্তম কুমার লাহড়ী জানান, দোতলা মন্দিরের নিচতলায় প্রতিমা রাখা আছে। সেখানে পুণ্যার্থীরা আসেন। প্রতিমার সামনের স্থানে ছোট একটি দানবাক্স রয়েছে। এছাড়া নিচতলায় দুটি পিলারের গায়ে বড় দুটি দানবাক্স রয়েছে। বছরে একবার ওই তিনটি দানবাক্স খোলা হয়। সেখান থেকে প্রতিবছরে ৩০ থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত পাওয়া যায়।
তিনি আরো বলেন, গত শনিবার (৪ জুলাই) রাতে মন্দিরের দরজা বন্ধ করে একটি কক্ষে তারা ঘুমিয়ে ছিলেন। পরদিন রোববার (৫ জুলাই) সকালে ঘুম থেকে উঠে মন্দিরের ভেতর এসে দেখতে পান, দানবাক্স তিনটি নেই। পরে খোঁজাখুঁজি করে ছাদে গিয়ে তালা ভাঙা অবস্থায় দানবাক্স গুলো দেখতে পান। ভেতরে কোনো টাকা ছিলোনা। পরে সিসি ক্যামেরায় অল্প ধারণ করা ভিডিও ফুটেজে রোববার রাত সাড়ে ৪টার দিকে অজ্ঞাত এক ব্যক্তির চলাচল দেখতে পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তিই চোর। কোনো উপায়ে ছাদে উঠে নিচে নেমে দানবাক্স ভেঙে টাকা নিয়ে সঠকে পড়েছে। খবর দেওয়া হলে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আমানউল্লাহ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ বিষয়ে মন্দির কর্তৃপক্ষকে থানায় অভিযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তাছাড়া পুলিশ অভিযুক্ত চোরকে শনাক্ত ও আটকের চেষ্টা করছে।