স্টাফ রিপোর্টার
, যশোর
প্রতিবেশী এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার মামলায় হাসিবুল হাসান শাকিল নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত মঙ্গলবার গ্রেপ্তারের পর বুধবার আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
শাকিল যশোর সদরের বসুন্দিয়া পুরাতন বাজার এলাকার শেখ জাহাঙ্গীরের ছেলে।
মামলার বিবরণে বলা হয়েছে, তিনি প্রতিবেশী ওই গৃহবধূকে ‘ভাবি’ ডাকতেন। তার বাড়িতে গিয়ে বিভিন্ন সময় মিষ্টি কথার মাধ্যমে তার সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করতেন। গৃহবধূ বারবার নিষেধ করলেও তিনি বিরত হননি। একপর্যায়ে শাকিল তাকে কুপ্রস্তাব দেন। পরে ওই গৃহবধূ বিষয়টি তার স্বামীকে জানালে তিনি শাকিলকে এমন আচরণ থেকে বিরত থাকতে বলেন। এরপর আরও ক্ষিপ্ত হয়ে ২০২৫ সালের ১১ জুন বিকেলে শাকিল ওই গৃহবধূর বাড়িতে ঢুকে তাকে জাপটে ধরে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন বলে অভিযোগ করা হয়েছে। একপর্যায়ে তার মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শরীরের বিভিন্ন স্থানে কামড়ে জখম করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। ওই সময় তার আর্তচিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে শাকিল ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ যশোরে শাকিলের বিরুদ্ধে মামলা করেন। মামলা হওয়ার পর থেকেই শাকিল পলাতক ছিলেন। পরে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পুলিশ তার অবস্থান শনাক্ত করে মঙ্গলবার তাকে গ্রেপ্তার করে।
বুধবার আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালত থেকে কারাগারে পাঠানোর সময় প্রিজনার্স ভ্যানে উঠানোর সময় তাকে এই বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি উত্তরে বলেন, ‘আল্লাহ আছে’।