স্টাফ রিপোর্টার
, যশোর
প্রেসক্লাব যশোরের বর্তমান কার্যনির্বাহী কমিটির মেয়াদ বৃদ্ধির ঘটনায় সংক্ষুব্ধ হয়েছেন সংগঠনটির সদস্যরা। সংক্ষুব্ধদের একাংশ সোমবার সকালে জরুরি ভিত্তিতে সভায় মিলিত হন।
সংগঠনের সাবেক সভাপতি ফকির শওকতের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভা থেকে ক্লাবের বর্তমান কমিটির নির্বাচনের তারিখ ঘোষণাকে প্রত্যাখ্যান করা হয়।
সভায় মত প্রকাশ করা হয় যে, উপযুক্ত কারণ ছাড়া একতরফাভাবে মেয়াদ বাড়ানোর ঘোষণা কোনোভাবেই গ্রহণযোগ্য না। ক্লাবের সদস্যপদ প্রদানের দাবিতে সাংবাদিকদের একটি সংগঠন আন্দোলন শুরু করায় প্রেসক্লাব কার্যনির্বাহী কমিটি এটাকে অজুহাত হিসেবে ব্যবহার করে এবং গঠনতন্ত্রের একটি ধারাকে পুঁজি করে বর্তমান কার্যনির্বাহী কমিটি ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা করছে। ওই ধারা অনুযায়ী ‘অনিবার্য’ কারণে কমিটির মেয়াদ প্রয়োজনে তিন মাস মতান্তরে চার মাস বাড়ানো যেতে পারে।
গঠনতন্ত্রের এই ধারা ব্যাখ্যা করে সভায় মত প্রকাশ করা হয় যে, অবশ্যই তার জন্য এমন উপযুক্ত কারণ থাকতে হবে। কিন্তু, দেশে বা স্থানীয় পর্যায়ে এমন কোনো পরিস্থিতির সৃষ্টি হয়নি যার কারণে ওই ধারার আওতায় প্রেসক্লাব নির্বাচন পেছাতে পারে বা বর্তমান কমিটি নিজেদের মেয়াদ বাড়িয়ে নিতে পারে।
অন্যদিকে, যে সংগঠনটি প্রেসক্লাবে সদস্যপদ দেওয়ার জন্য আন্দোলন করছে, তার নেতারা সভায় জানান, তাদের দাবিকে ঢাল হিসেবে ব্যবহার করে কেউ ফায়দা লুটতে চাইলে তা মেনে নেওয়া হবে না।
সভা থেকে আগামী ৭ আগস্টের মধ্যে প্রেসক্লাব যশোরের নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের জন্য বর্তমান কার্যনির্বাহী কমিটির প্রতি আহ্বান জানানো হয়। না হলে ৮ তারিখ থেকে ‘অবৈধ’ হয়ে যাওয়া কমিটিকে যথাযথ পদক্ষেপের মাধ্যমে বিদায় করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।
সভায় নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের দাবি আদায়ের জন্য ‘প্রেসক্লাব যশোর নির্বাচন বাস্তবায়ন কমিটি’ নামে একটি প্লাটফর্ম গঠন করা হয়। এতে প্রেসক্লাব যশোরের সাবেক সভাপতি একরাম-উদ-দ্দৌলাকে আহ্বায়ক, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বিনয় কৃষ্ণ মল্লিককে যুগ্ম আহ্বায়ক এবং আকরামুজ্জামানকে সদস্য সচিব করা হয়েছে।
এছাড়া সভায় তাৎক্ষণিকভাবে উপস্থিত প্রেসক্লাবের সব সদস্যকে প্লাটফর্মের সদস্য করা হয়েছে। তারা হলেন, ক্লাবের সাবেক সভাপতি ফকির শওকত, সাবেক সহসভাপতি আনোয়ারুল কবির নান্টু, সাবেক সম্পাদক আহসান কবীর, সাবেক নেতা মবিনুল ইসলাম মবিন, ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, আমিনুর রহমান মামুন, নূর ইসলাম, শেখ আব্দুল্লাহ হুসাইন, সরোয়ার হোসেন, জুয়েল মৃধা, সাইফুর রহমান সাইফ, এম আইউব, তহীদ মনি, কাজী আশরাফুল আজাদ, তৌহিদ জামান, শহিদ জয়, সোহরাব হোসেন, বিএম আসাদ, হানিফ ডাকুয়া প্রমুখ।
এছাড়া, বর্তমান কমিটির অবৈধ মেয়াদ বৃদ্ধিতে সংক্ষুব্ধরা ‘প্রেসক্লাব যশোর নির্বাচন বাস্তবায়ন কমিটি’তে অন্তর্ভুক্ত হতে পারবেন বলেও সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনের সুস্থতা কামনা করা হয়।