অভয়নগর (যশোর) প্রতিনিধি
যশোরের অভয়নগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুয়েল মোল্যা (৩৫) নামে একজন রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে।
সোমবার (৬ জুলাই) বিকেলে উপজেলার গুয়াখোলা গ্রামে নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহত জুয়েল মোল্যা অভয়নগরের সিরাজকাটি গ্রামের বদিয়ার মোল্যার ছেলে।
নিহতের সহকর্মী জয়নাল হোসেন জানান, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের প্রধান গেটের নির্মাণ কাজ চলাকালে রাজমিস্ত্রি জুয়েল মোল্যা পল্লী বিদ্যুতের হাইভোল্টেজ কেবলে স্পৃষ্ট হন। এ সময় গেটের উপর থেকে ছিটকে মাটিতে পড়ে যান। গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মরিয়াম মুনমুন বলেন, বিদ্যুৎস্পৃষ্টে আহত এক ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুয়েল মোল্যা নামে একজন রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। মরদেহের সুরতহাল সম্পন্ন হয়েছে।