সুবর্ণভূমি ডেস্ক
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, সরকারের সঙ্গে আলোচনার ভিত্তিতে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। তবে নির্বাচন কমিশন অক্টোবরকে সামনে রেখে কাজ এগোচ্ছে।
সোমবার (৬ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ফল উৎসবে এই কথা বলেন তিনি।
আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচন সবগুলো পেন্ডিং আছে। সব একসঙ্গে করা যাবে না। কোনটা বেশি দরকার? মানুষের উপকার কোথায় বেশি? সরকারের সঙ্গে এসব বিষয়ে আলোচনা হবে এবং তার ভিত্তিতেই নির্বাচনের সকল প্রকার তফসিল ঘোষণা করবো।’
তিনি জানান, সরকারের সঙ্গে লিখিত এবং অলিখিত আলোচনা ছাড়া এখনই নির্বাচনের ঘোষণা দেওয়া কমিশনের পক্ষে যুক্তিসঙ্গত হবে না। তবে অক্টোবরকে সামনে রেখে কমিশন কাজ এগোচ্ছে এবং অক্টোবরে নির্বাচন হলে ৪৫ দিন আগে তফসিল ঘোষণা হবে।
আইনে সরকারের সঙ্গে আলোচনার বাধ্যবাধকতা না থাকলেও বাস্তবতার কারণে এর প্রয়োজন আছে জানিয়ে কমিশনার বলেন, ‘সীমানা থেকে শুরু করে সবকিছু সরকারের সঙ্গে জড়িত। সেজন্য সরকারের সঙ্গে সবসময় আন্ডারস্ট্যান্ডিংয়ের ভিত্তিতেই আমাদের চলতে হবে।’
তিনি আরও বলেন, সীমানা বিরোধ দ্রুত নিষ্পত্তি এবং কোন কোন সীমানা নিয়ে ঝামেলা আছে তা কমিশনকে জানাতে সরকারকে চিঠি দেওয়া হবে।
অনুষ্ঠানে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, স্থানীয় সরকার নির্বাচনের সব ধরনের প্রাক-প্রস্তুতি ইসি নিয়েছে। সরকারের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা ও মন্ত্রিপরিষদের সদস্যরা ইতিমধ্যে সংসদে এ নিয়ে কথা বলেছেন এবং ইসিও প্রস্তুতি শুরু করেছে। এ ব্যাপারে আগামী সপ্তাহ থেকে ইসির সিনিয়র সচিব ধারাবাহিকভাবে আপডেট দেবেন।
রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) সাধারণ সম্পাদক ইকরাম উদ দৌলার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার, নির্বাচন কমিশনার তাহমিদা আহমদ, তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ এবং আরএফইডির সভাপতি কাজী এমাদ উদ্দীন জেবেল।