স্টাফ রিপোর্টার
, যশোর
নানা কর্মসূচির মধ্য দিয়ে যশোরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনাসভা, পুরস্কার বিতরণ এবং উদ্যোক্তা ও কিশোরীদের মাঝে প্রণোদনার চেক বিতরণ করা হয়।
সোমবার সকালে জেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), যশোরের উদ্যোগে কালেক্টরেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন বেলুন ও ফেস্টুন উড়িয়ে র্যালির উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার। জেলা পল্লী উন্নয়ন বোর্ডের উপপরিচালক বিএম কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা সমবায় কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক খন্দকার জাকির হোসেন, বিএম জহুরুল পারভেজ এবং সদর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রকাশ চন্দ্র সরকার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা শিশুবিষয়ক কর্মকর্তা সাধন দাস।
বক্তারা বলেন, গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে উদ্যোক্তা সৃষ্টি, দক্ষতা উন্নয়ন ও আর্থিক সহায়তা কার্যক্রম আরও সম্প্রসারণের মাধ্যমে টেকসই পল্লী উন্নয়ন নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে রচনা প্রতিযোগিতায় বিজয়ী চার শিক্ষার্থীর হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। পাশাপাশি ছয়জন উদ্যোক্তার মাঝে মোট ৫ লাখ ৩৫ হাজার টাকার ঋণের চেক এবং তিন কিশোরীর মাঝে ৮১ হাজার টাকার প্রণোদনার চেক বিতরণ করা হয়।