স্টাফ রিপোর্টার
, যশোর
যশোরে ফেনসিডিল বহনের মামলায় মোক্তার হোসেন নামে এক পিকআপ চালককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে মাদক বহনের কাজে ব্যবহৃত এক টন ধারণক্ষমতার কাভার্ড পিকআপভ্যানটি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) যশোরের বিশেষ জজ (জেলা ও দায়রা জজ) আদালতের বিচারক এস এম নূরুল ইসলাম এক রায়ে এই আদেশ দেন।
সাজাপ্রাপ্ত মোক্তার হোসেন ঝিনাইদহ সদর উপজেলার নাটাবাড়িয়া গ্রামের একিম আলী মণ্ডলের ছেলে এবং কালীগঞ্জ উপজেলার তেলকুপি গ্রামের রেজাউল শেখের ঘরজামাই। সংশ্লিষ্ট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) আনিসুর রহমান পলাশ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বিবরণী থেকে জানা যায়, ২০১৭ সালের ১২ ডিসেম্বর গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোলের রঘুনাথপুর ক্যাম্পের বিজিবি সদস্যরা নারায়ণপুর ত্রিপুরাপাড়া ব্রিজ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে বেনাপোলগামী একটি কাভার্ড পিকআপের গতিরোধ করে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়িটির ভেতরে বিশেষ কায়দায় তৈরি একটি গোপন চেম্বার থেকে ৯১০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। বিজিবি সদস্যরা ঘটনাস্থল থেকেই ফেনসিডিল ও পিকআপটি জব্দ করার পাশাপাশি চালক মোক্তার হোসেনকে আটক করেন।
এ ঘটনার পরদিন বিজিবির হাবিলদার মামুনুর রশিদ বাদী হয়ে মোক্তার হোসেনকে একমাত্র আসামি করে বেনাপোল পোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। দীর্ঘ সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে আসামি মোক্তার হোসেনের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ বিচারক তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। সাজাপ্রাপ্ত মোক্তার হোসেন বর্তমানে কারাগারে আটক রয়েছেন।