চুয়াডাঙ্গা প্রতিনিধি
জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় প্রতিপক্ষের হামলায় পলান উদ্দীন (৮০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে উপজেলার গোবিন্দপুর তামালতলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত পলান উদ্দীন ওই গ্রামের মৃত ছয়রদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্র জানিয়েছে, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে পলান উদ্দীনের পরিবারের সঙ্গে একই গ্রামে তার প্রতিপক্ষের সাথে বিরোধ চলছিল।
এর জেরে বৃহস্পতিবার সকালে বাগবিতণ্ডার একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন পলান উদ্দীনের ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পালানকে মৃত ঘোষণা করেন।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।